বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে প্রাণ হারালো ১৩ বছরের অপ্রতীম

শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ১৩ বছর বয়সী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম। হাসিমুখে ঘর থেকে বের হওয়া সেই কিশোর আর ফিরে আসেনি। রাতভর স্বজনদের উদ্বেগ ও পুলিশের তল্লাশির পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি-সানন্দা এলাকার একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং পরিবারের একমাত্র সন্তান ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ও মা ড. নাহিদা বেগম, যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

ঘটনার পর থেকে অপ্রতীমের মা ড. নাহিদা বেগম শোকাতুর হয়ে বিলাপ করে বলেন, তার সন্তান কী অন্যায় করেছিল যে তাকে এভাবে প্রাণ দিতে হলো। তিনি এই হত্যাকাণ্ডের বিচার নয়, বরং ছেলের মৃত্যুর কারণ জানতে চেয়েছেন। শোকের এই মুহূর্তে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অপ্রতিমের বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। অপ্রতীমের বাবা জানান, শুক্রবার জুমার নামাজের পর ছেলেকে খাইয়ে তিনি মুভি দেখার পরিকল্পনা করেছিলেন, কিন্তু অপ্রতিম বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। তিনি আক্ষেপ করে বলেন, শুধু ফোনটি নেওয়ার জন্য তার একমাত্র ছেলেকে এভাবে মেরে ফেলা হলো।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তুহিন নামের এক ব্যক্তিকে অপ্রতিমের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তুহিনকে আটক করেছে পুলিশ এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে আটক করা হয়েছে। মামলার তদন্তের বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, তারা অনেকটা নিশ্চিত যে মোবাইল ফোনের জন্যই এই হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া পুলিশ সুপার আনিসুজ্জামান জানিয়েছেন, প্রকৃত হত্যাকারীদের ধরতে তাদের একাধিক টিম কাজ করছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে অপ্রতিমের মৃত্যুর খবরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন। তারা অভিযুক্তদের গ্রেপ্তারে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এবং এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ও প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম জানিয়েছেন, তারা শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।