চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, গ্রেফতার ২

গ্রাহকদের ঋণ পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের কাগজপত্র জমা দিয়ে যেখানে গলদঘর্ম হতে হয়, সেখানে চট্টগ্রামের এক ব্যাংক কর্মকর্তা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই ভল্ট থেকে কোটি কোটি টাকা সরিয়ে নিয়েছেন। অগ্রণী ব্যাংকের লালদীঘিপাড় শাখার ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন কোনো লোন ছাড়াই সরাসরি ভল্টের টাকা তুলে বিনিয়োগ করেছেন একটি গরুর খামারে। তবে শেষ রক্ষা হয়নি, ভল্টের হিসাব মিলাতে গিয়ে ধরা পড়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকার বিশাল ঘাটতি।

চট্টগ্রাম নগরের লালদীঘিপাড় জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেডের করপোরেট শাখায় এই চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ব্যাংকটির ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন (৪১) এবং তার সহযোগী জাফরুল্লাহ তানভীরকে (২৫) পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার রাতে অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর পুলিশ তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েবের অভিযোগে ব্যাংক ম্যানেজারের দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। আদালত পরবর্তীতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার ও ব্যাংক সূত্রে জানা যায়, ১ জুন ২০২৫ থেকে ৯ আগস্ট ২০২৬ সালের মধ্যে এই বিপুল পরিমাণ টাকার ঘাটতি তৈরি করা হয়। গত ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং লেনদেন শেষে নগদ অর্থের হিসাব ও ভোল্টে সংরক্ষিত টাকার পরিমাণ মেলানোর সময় ঘাটতিটি ধরা পড়ে। কাগজে-কলমে যে পরিমাণ টাকা থাকার কথা ছিল, বাস্তবে ভল্ট গণনা করে দেখা যায় ৪ কোটি ৩৮ লাখ টাকা কম রয়েছে। এ সময় ক্যাশ ও ভোল্টের দায়িত্বে থাকা কামরুল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

পরবর্তীতে ভল্টের টাকা সূক্ষ্মভাবে গুনতে গিয়ে জালিয়াতির অভিনব কৌশল প্রকাশ পায়। দেখা যায়, ভল্টে থাকা এক হাজার টাকার নোটের বান্ডিলগুলোর ভেতরে বেশিরভাগই ছিল একশ টাকার নোট। ওপরের ও নিচের নোট দেখে বাইরে থেকে এক হাজার টাকার বান্ডিল মনে হলেও বাস্তবে ভেতরে টাকা কম ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাশ ইনচার্জ কামরুল স্বীকার করেন যে, তিনি এই টাকা তার সহযোগী জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামের একটি গরুর খামারে বিনিয়োগ করেছেন। বর্তমানে ওই খামারে উন্নত জাতের ৫০ থেকে ৬০টি গরু রয়েছে।

একটি ব্যাংকে প্রতিদিনের লেনদেন শেষে ক্যাশ ও ভল্টের হিসাব মেলানোর নিয়ম থাকলেও এক বছরেরও বেশি সময় ধরে চলা এই ঘাটতি কেন আগে ধরা পড়েনি, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ম্যানেজার বা অন্য কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্তাধীন রয়েছে। এদিকে গ্রেফতার জাফরুল্লাহ তানভীরের বাবা আজিম উল্লাহ দাবি করেছেন, তার ছেলে এই ঘটনায় জড়িত নয় এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেনকে। তিনি জানান, গ্রেফতারকৃত দুই আসামির কাছ থেকে একটি আইফোনসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা কীভাবে ব্যাংক থেকে টাকা সরালেন এবং এর পেছনে আর কারও যোগসাজশ বা দায় রয়েছে কিনা, তা পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে বের করা হবে।