ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। রবিবার দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়।
পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান জানিয়েছেন, ইউনিটটি গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে, তবে পূর্ণ উৎপাদনে পৌঁছাতে আরও কিছু সময় প্রয়োজন। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে বিদ্যুৎ ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছিল। শুক্রবার চাহিদা কম থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, শনিবার মধ্যরাতে লোডশেডিং বেড়ে প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াটে পৌঁছায়।
উল্লেখ্য যে, ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে পিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি স্বাক্ষরিত হয়। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে এবং চাহিদা অনুযায়ী দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের নজিরও রয়েছে এই কেন্দ্রটির।

