অন্তর্বর্তী সরকারের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগের প্রেক্ষিতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ মোট চারজনের সংশ্লিষ্ট সব নথিপত্র চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আবুল হাসনাতের স্বাক্ষরিত এই চিঠিতে আগামী ১০ই সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযোগ ওঠা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপ-সচিব মো. মাসুম আহমেদ। চিঠিতে আসিফ মাহমুদের দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি, পদায়ন ও কেনাকাটা সংক্রান্ত সব ধরনের নথিপত্র চাওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার নিয়োগ ও পদায়নসংক্রান্ত তথ্য এবং ২০২৫ সালের ৭ই মে ও ২০২৬ সালের ১৮ই এপ্রিল জারি করা দুটি স্মারকসহ বিভিন্ন আদেশের নথিও তলব করা হয়েছে।
দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ অনুসন্ধানের জন্য ইতিমধ্যে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম। জুলাই গণ-অভ্যুত্থানের পর ৮ই আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি ২০২৫ সালের ডিসেম্বরে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

