গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে একযোগে বদলি করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে এই বদলি ও পদায়ন কার্যক্রম সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়। একই দিনে ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)-কেও বদলি করা হয়েছে।
লটারির ভিত্তিতে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন ও রংপুর বিভাগে ১৭ জনকে পদায়ন করা হয়েছে।
একইভাবে উপবিভাগীয় প্রকৌশলী পদে লটারির মাধ্যমে ঢাকা বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন ও রংপুর বিভাগে ১৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আয়োজিত এই লটারি কার্যক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা উপস্থিত ছিলেন। এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও উপসচিব মো. আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২০২৬ তারিখে ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছিল।

