কেন্দ্রীয় ব্যাংককে না জানিয়ে ৩০ ব্যাংকের কার্ড ও এটিএম সেবা সীমিত

নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে দেশের ৩০টি ব্যাংক তাদের সিস্টেম মাইগ্রেশনের কাজ শুরু করেছে। এর ফলে এসব ব্যাংকের এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) এবং কার্ডভিত্তিক বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে সীমিত বা বন্ধ করা হয়েছে। তবে একসঙ্গে এতগুলো ব্যাংকের এমন গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংককে আগে জানানো হয়নি, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে কিউক্যাশ নেটওয়ার্কের আওতায় থাকা এই ব্যাংকগুলোর প্রযুক্তিভিত্তিক সেবা সীমিত করা হয়েছে। আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এই সাময়িক বিঘ্ন চলতে পারে। তবে মাইগ্রেশনের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে সেবাগুলো দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও executive director আরিফ হোসেন খান জানান, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিতের লক্ষ্যে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ব্যাংকগুলো এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে আগে থেকে কোনো তথ্য জানায়নি। একসঙ্গে এতগুলো ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সীমিত করার এই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি বাংলাদেশ ব্যাংক।

সেবা সীমিত হওয়া ব্যাংকগুলোর তালিকায় রয়েছে—বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকার্চার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক এবং উরি ব্যাংক বাংলাদেশ।

এই সাময়িক অসুবিধার জন্য ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং জরুরি লেনদেনের জন্য বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো জানিয়েছে, ডেবিট কার্ডের কিছু লেনদেন স্বাভাবিক রয়েছে। পাশাপাশি অন্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মোবাইল আর্থিক সেবা যেমন বিকাশ, নগদ ও উপায়ের মাধ্যমে লেনদেন চালু রয়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিগত উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করতে গিয়ে সাময়িকভাবে সেবা বন্ধ বা সীমিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের সেবা বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে এটিএম থেকে টাকা তোলা, কেনাকাটায় কার্ড ব্যবহার কিংবা অনলাইন পেমেন্টে সমস্যা হতে পারে। তাই গ্রাহকদের আগে থেকেই বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।