বেসরকারি চাকরিজীবীদের নতুন প্রবিধানমালা কি সুরক্ষা দেবে নাকি সুবিধা কমাবে?

বেসরকারি খাতের লাখো কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রস্তাবিত ‘মডেল চাকরি প্রবিধানমালা’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশের শ্রম আইন মূলত শ্রমিকদের অধিকার রক্ষা করলেও বেসরকারি কোম্পানি, ব্যাংক-বিমা, আইটি, এনজিও, ট্রেডিং হাউস কিংবা সেবা খাতের বিশাল কর্মীগোষ্ঠী এত দিন কার্যত কোনো সুনির্দিষ্ট আইনি ছাতার নিচে ছিলেন না। তারা শ্রম আইনের ২(৬৫) ধারার শ্রমিকের সংজ্ঞার বাইরে থাকায় তাদের চাকরির নিরাপত্তা, বকেয়া পাওনা, ছুটি কিংবা অভিযোগের প্রতিকার মূলত একটি নিয়োগপত্র আর সাধারণ চুক্তি আইনের ওপর নির্ভর করত। এই শূন্যতা পূরণের নতুন উদ্যোগকে স্বাগত জানানো হলেও, প্রস্তাবিত খসড়াটি আসলেই কর্মচারীবান্ধব হচ্ছে কি না, তা নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে।

টেকসই উন্নয়ন ও নীতিমালাবিষয়ক লেখক সুবাইল বিন আলম এক নিবন্ধে উল্লেখ করেছেন, এই খসড়ায় বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। যেমন—লিখিত নিয়োগপত্র বাধ্যতামূলক করা, বৈষম্যবিরোধী বিধান রাখা, শাস্তির আগে তদন্ত ও শুনানির সুযোগ দেওয়া, যৌন হয়রানি প্রতিরোধের বিস্তারিত কাঠামো তৈরি, ১২০ দিনের মাতৃত্বকালীন ছুটি এবং কালো তালিকাভুক্তি নিষিদ্ধ করা। তবে এর পাশাপাশি বড় ধরনের কিছু সমস্যা ও ফাঁকফোকরও রয়ে গেছে। এটি একটি ‘মডেল’ বা নির্দেশিকামাত্র হওয়ায় তা মানার কোনো আইনি বাধ্যবাধকতা নেই, ফলে না মানলে কোনো জবাবদিহির সুযোগ থাকছে না। এ ছাড়া ওভারটাইমের জন্য দ্বিগুণ মজুরির কোনো কথা এতে বলা হয়নি, যেখানে সাধারণ শ্রমিকেরা ওভারটাইমে দ্বিগুণ পেয়ে থাকেন। স্থায়ী কর্মচারীদের কোনো কারণ না দেখিয়েই বিদায় করার সুযোগ রাখা হয়েছে এবং পিতৃত্বকালীন ছুটির কোনো উল্লেখই নেই।

খসড়াটিতে উৎসব বোনাসকে ‘সর্বোচ্চ এক মাস’ হিসেবে নির্ধারণ করায় তা মেঝে না হয়ে উল্টো ‘সিলিং’ বা সর্বোচ্চ সীমার রূপ নিয়েছে, যা সুরক্ষার নামে উল্টো সীমাবদ্ধতা তৈরি করে। কর্মঘণ্টা শেষে ‘রাইট টু ডিসকানেক্ট’ বা তথ্য ও নজরদারির সীমা নিয়ে খসড়াটি প্রায় নীরব। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ‘কর্মচারী’ ও ‘কর্মকর্তা’র সংজ্ঞা স্পষ্ট না করায় মালিকপক্ষের জন্য সবাইকে ‘কর্মকর্তা’ বা ‘কনসালট্যান্ট’ তকমা দিয়ে সুরক্ষার বাইরে রাখা সহজ হবে। লেখক তাঁর নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরে জানান, তিনি যখন একটি বিদেশি কোম্পানির কান্ট্রি ডিরেক্টর ছিলেন, তখন স্থানীয় আইনে বাধ্যবাধকতা না থাকায় অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। নতুন এই প্রবিধান পাস হলে নতুন কোম্পানিগুলো এর আলোকেই পলিসি তৈরি করবে এবং যারা অতিরিক্ত সুবিধা দিত, তারাও সুযোগ বুঝে তা কমিয়ে ফেলতে পারে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বেসরকারি কর্মীদের সুরক্ষা কেবল সামাজিক ন্যায়বিচার নয়, দেশের প্রতিযোগিতা-সক্ষমতারও বড় শর্ত। বিশেষ করে ২০২৬ সালে সংশোধিত শ্রম আইন, ২০২৫ সালে বাংলাদেশের আইএলওর ১৫৫, ১৮৭ ও ১৯০ নম্বর কনভেনশন অনুসমর্থন এবং ২০২৬ সালের ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে আমাদের শ্রম মান সরাসরি যাচাই করা হবে। এই অবস্থায় ন্যূনতম অধিকার বাধ্যতামূলক করা, মালিকের খেয়ালখুশির সীমা টানা এবং প্রতিটি অধিকারের বিপরীতে কার্যকর প্রতিকার নিশ্চিত করা জরুরি। এই কষ্টিপাথরে যাচাই করে লেখক বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেছেন।

প্রথমত, ভিত্তি ও পরিধির ক্ষেত্রে এটিকে কেবল মডেল হিসেবে না রেখে ২০২৬ সালের সংশোধনীর সঙ্গে মিলিয়ে বাধ্যতামূলক ন্যূনতম মান হিসেবে প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে। ‘কর্মচারী’ ও ‘কর্মকর্তা’র সংজ্ঞা নির্ধারণ করতে হবে কাজের ওপর ভিত্তি করে, পদবি দিয়ে নয়। একই সঙ্গে বারবার নবায়ন হওয়া চুক্তিকে নির্দিষ্ট সময় পর স্থায়ী হিসেবে গণ্য করতে হবে, যাতে ‘কনসালট্যান্ট’ তকমায় সুরক্ষা ফাঁকি বন্ধ হয়। এ ক্ষেত্রে চুক্তি আইন, ১৮৭২ থাকবে সম্পূরক হিসেবে, যার ২৭ ধারা অনুযায়ী চাকরি ছাড়ার পর প্রতিযোগীর কাছে না যাওয়ার শর্ত এমনিতেই অকার্যকর।

দ্বিতীয়ত, বেতন ও আর্থিক সুরক্ষার ক্ষেত্রে ওভারটাইমে দ্বিগুণ মজুরি নিশ্চিত করা এবং মূল বেতন যেন মোট বেতনের অন্তত ৫০ থেকে ৬০ শতাংশ হয় তা নিশ্চিত করা দরকার; অন্যথায় গ্র্যাচুইটি ও ভবিষ্য তহবিলের ভিত্তি ফাঁপা হয়ে যায়। বার্ষিক ইনক্রিমেন্টের ন্যূনতম হার নির্ধারণ এবং তা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা, নববর্ষ ভাতা ও দুটি উৎসব বোনাসকে ‘সর্বোচ্চ’ না লিখে ‘ন্যূনতম’ হিসেবে উল্লেখ করা প্রয়োজন। এ ছাড়া সব স্তরের কর্মীর জন্য মুনাফায় ৫ শতাংশ অংশগ্রহণ তহবিল রাখা, চাকরি অবসানের ৩০ দিনের মধ্যে সব পাওনা পরিশোধ (বিলম্বে জরিমানা সহ) এবং সাময়িক বরখাস্তকালে অন্তত ৭৫ শতাংশ ভাতা দেওয়ার বিধান রাখা দরকার, যেখানে তদন্ত ৩০ দিনে শেষ করতে হবে।

তৃতীয়ত, ছুটির ক্ষেত্রে সপ্তাহে দুই দিন ছুটি নিশ্চিত করা, নৈমিত্তিক ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি কেটে না নেওয়া, জমা ছুটি নগদায়ন এবং অন্তত ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটিসহ শোক ও দত্তক ছুটির ব্যবস্থা রাখা প্রয়োজন। ১০০ জনের বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানে ডে-কেয়ার, নারী কর্মীদের রাতের শিফটে নিরাপদ যাতায়াত এবং কর্মঘণ্টার পর ‘রাইট টু ডিসকানেক্ট’ ও রিমোট-হাইব্রিড কাজের স্পষ্ট নিয়ম থাকতে হবে। সামাজিক সুরক্ষায় ভবিষ্য তহবিলের সীমা কমিয়ে (২০ থেকে ৫০ কর্মী) তা পোর্টেবল করা, গোষ্ঠী স্বাস্থ্যবিমা ও জীবনবিমা বাধ্যতামূলক করা এবং মানসিক স্বাস্থ্যসহায়তার ব্যবস্থা রাখা দরকার।

চাকরির নিরাপত্তার স্বার্থে কারণসহ লিখিত চাকরিচ্যুতি নিশ্চিত করতে হবে এবং প্রতিহিংসা বা অভিযোগের কারণে বিদায় করা হলে তা ‘অন্যায় বরখাস্ত’ হিসেবে গণ্য করতে হবে। হয়রানি প্রতিরোধ কমিটিতে বাইরের সদস্য রাখতে হবে এবং শ্রম আদালতে যাওয়ার আগে একটি স্বাধীন অভ্যন্তরীণ স্তর (সুপারভাইজার, অভিযোগ কমিটি, আপিল ও বিকল্প বিরোধ নিষ্পত্তি) তৈরি করে অভিযোগ নিষ্পত্তির সময় ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু সাধারণ কর্মী নয়, জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্যও সুরক্ষার প্রয়োজন রয়েছে। সরল বিশ্বাসে নেওয়া সিদ্ধান্তের দায়মুক্তি, লিখিত দ্বিমত থাকলে ব্যক্তিগত দায় না চাপানো এবং বেআইনি নির্দেশ প্রত্যাখ্যানের অধিকার তাঁদেরও প্রাপ্য। এই পুরো প্রবিধানমালা চূড়ান্ত করার ক্ষেত্রে কেবল মালিকপক্ষের মতামত না নিয়ে কর্মচারী প্রতিনিধি, মানবসম্পদ পেশাজীবী, সুশীল সমাজ ও গবেষকদের যুক্ত করার জোর দাবি জানানো হয়েছে।