বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক: উন্নয়ন সহায়তা থেকে প্রযুক্তি ও উৎপাদন অংশীদারত্ব

১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও জাপানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর থেকেই দেশের সড়ক, রেল, বিদ্যুৎ, বন্দর ও নগর অবকাঠামোগত উন্নয়নে প্রধান সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে পূর্ব এশিয়ার এই দেশটি। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্য পরিমাণে ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা পেয়ে আসছে। দ্বিপক্ষীয় এ সহযোগিতায় এ পর্যন্ত জাপানের মোট সহায়তার প্রতিশ্রুতির পরিমাণ প্রায় ৩৩ দশমিক ৬২ বিলিয়ন ডলার, যদিও প্রতিশ্রুত অর্থ এবং বাস্তবে ছাড় করা অর্থের মধ্যে পার্থক্য রয়ে গেছে।

বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তন এবং বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে নতুনভাবে সাজানোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এখন শুধু ঋণ কিংবা উন্নয়ন সহায়তার ওপর নির্ভর না করে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং উৎপাদনভিত্তিক দ্বিপক্ষীয় অংশীদারত্ব গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের মধ্যে পণ্যবাণিজ্যের মোট পরিমাণ ছিল প্রায় ৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার। এই সময়ে বাংলাদেশ জাপানে ১ দশমিক ৪১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এবং তার বিপরীতে জাপান থেকে আমদানি করে ১ দশমিক ৯১ বিলিয়ন ডলারের পণ্য।

দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারের পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর বড় চ্যালেঞ্জ রয়েছে। জাপানের বাজারে বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক, নিট পোশাক, চামড়াজাত পণ্য ও জুতা প্রধানত রপ্তানি হয়। অন্যদিকে বাংলাদেশ জাপান থেকে আমদানি করে শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি, লোহা ও ইস্পাত, যানবাহন এবং অন্যান্য সরঞ্জাম। তৈরি পোশাকের বাইরে পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য, ওষুধ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার বাজার সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে। এ জন্য পণ্যের বৈচিত্র্য ও মান ধরে রাখা, আধুনিক নকশা তৈরি, নির্ভরযোগ্য সরবরাহ বজায় রাখা এবং জাপানি ক্রেতাদের সুনির্দিষ্ট চাহিদা পূরণে সক্ষমতা বাড়ানো জরুরি।

বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হয়, যা বাংলাদেশের জন্য এ ধরনের প্রথম চুক্তি। এই চুক্তিতে পণ্য ও সেবাবাণিজ্য, বিনিয়োগ, শুল্ক কাঠামো, বাণিজ্য সহজীকরণ, ই-বাণিজ্য এবং মেধাস্বত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। চুক্তিটি কার্যকর হলে নির্ধারিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের ১ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। একইভাবে জাপানের ১ হাজার ৩৯টি পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশের ক্ষেত্রে একই সুবিধা লাভ করবে।

তবে শুধু চুক্তি স্বাক্ষর করলেই কাঙ্ক্ষিত সুফল অর্জন সম্ভব নয়। রপ্তানিকারকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া, পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখা এবং চুক্তির সুযোগ সুবিধা সম্পর্কে দেশের ব্যবসায়ীদের সচেতন করা প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) যেন জাপানের বাজারে প্রবেশের এই সুযোগ কাজে লাগাতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর বড় সুযোগ তৈরি হতে পারে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাস্তবায়িত 'জাপান অর্থনৈতিক অঞ্চল' এ ক্ষেত্রে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। তবে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শুধু জমি কিংবা অবকাঠামো দেওয়াই যথেষ্ট নয়; নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, উন্নত বন্দরসেবা, দ্রুত শুল্ক কার্যক্রম সম্পাদন, স্থিতিশীল নীতি কাঠামো ও প্রশাসনিক জটিলতা কমানো অত্যন্ত প্রয়োজনীয়।

বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। স্থানীয় কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ, যৌথ উদ্যোগ, গবেষণা এবং দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা না বাড়ালে দেশের উৎপাদনব্যবস্থা দীর্ঘমেয়াদে বিদেশি প্রযুক্তি ও যন্ত্রপাতির ওপর নির্ভরশীল থেকে যাবে। পাশাপাশি জাপানে দক্ষ জনশক্তি পাঠানোর ক্ষেত্রে ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রমিকের অধিকার রক্ষা করা জরুরি। কারিগরি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা এবং প্রবাসীদের অর্জিত দক্ষতা দেশে কাজে লাগানোর পরিবেশ তৈরি করতে পারলে উভয় দেশই লাভবান হবে।

জাপানি সহযোগিতায় পরিচালিত বড় বড় অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে কেবল নির্মাণকাজ শেষ হওয়াকে সফলতার একমাত্র মাপকাঠি ভাবা সঠিক নয়। প্রকল্পের মোট ব্যয়, ঋণ পরিশোধের সক্ষমতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফলগুলো সুনির্দিষ্টভাবে বিবেচনায় নিতে হবে। মূলত ঋণ বা বিনিয়োগের অঙ্ক দিয়ে সম্পর্কের গভীরতা পরিমাপ না করে দেখতে হবে কতটা কর্মসংস্থান সৃষ্টি হলো, কতটা নতুন প্রযুক্তি এল, রপ্তানি বৃদ্ধি কেমন হলো এবং দেশীয় শিল্প আন্তর্জাতিকভাবে কতটা প্রতিযোগিতামূলক হয়ে উঠল। সহায়তার গণ্ডি পেরিয়ে উৎপাদন, উদ্ভাবন ও পারস্পরিক লাভের ভিত্তিতে সম-মর্যাদার অংশীদারত্ব গড়ে তোলাই বাংলাদেশ-জাপান সম্পর্কের ভবিষ্যৎ লক্ষ্য হওয়া উচিত।