রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ করিম উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের বাসিন্দা মো. শফির ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, কেরানিহাট সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মোহাম্মদ করিমের বুকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং দীর্ঘক্ষণ লাশটি সড়কের পাশে পড়ে ছিল।

এলাকাবাসীর একাংশের দাবি, নিহত করিম মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বা এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধের জের হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান জানান, উরকিরচরের কেরানিহাট এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা একজনকে গুলি করে হত্যা করেছে। লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং হত্যাকাণ্ডটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০: ১০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০: ২১