can আনন্দ, উৎসব ও নতুন প্রত্যাশার মধ্য দিয়ে প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে অনলাইন গণমাধ্যম ‘ভিওডি বাংলা’। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত হয়ে ভিওডি বাংলাকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদের আমল থেকেই ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি) সাহসের সঙ্গে কাজ করে যাচ্ছে। তাদের ওপর নানা নিপীড়ন ও ঝড়ের শঙ্কা থাকলেও তারা তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেছে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই প্রতিষ্ঠানটি দেশের প্রথম শ্রেণির গণমাধ্যমে পরিণত হবে। রিজভী আরও বলেন, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে দুই বছর পার করা এই প্রতিষ্ঠানের কর্মীরা নির্ভয়ে কাজ করছেন। তারা শুধু সরকারের প্রশংসাই করেন না, গঠনমূলক সমালোচনাও করেন, যা সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্রের অন্যতম অংশ। এ সময় তিনি ভিওডি বাংলার এমডি ফয়সাল সালামকে অত্যন্ত সম্ভাবনাময় এক তরুণ হিসেবে উল্লেখ করে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ভিওডি বাংলা আজ গণমানুষের আকাঙ্ক্ষার চ্যানেলে পরিণত হয়েছে। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, মানুষ যেমন গণমাধ্যম প্রত্যাশা করে, ভিওডি ঠিক সেই চাওয়াটিই পূরণ করছে। দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভিওডি বাংলা আগের মতোই মানুষের কণ্ঠস্বর হয়ে সরকারকে সঠিক পথ দেখাবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ভয়েস অব ডেমোক্রেসি’ নামের মাঝেই গণতন্ত্রের চেতনা নিহিত রয়েছে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এ প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। বিগত ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে রাজপথে মানুষের কথা তুলে ধরতে এই প্রতিষ্ঠানটি অনেক কষ্ট করেছে। তিনি আরও বলেন, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও প্রতিষ্ঠাবার্ষিকী। ১২ই ফেব্রুয়ারি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণমাধ্যমের অধিকার বাস্তবায়নে কাজ করছেন। ভিওডি বাংলা আগামী দিনেও মানুষের অভাব-অভিযোগ ও স্বপ্নগুলো তুলে ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ভিওডি বাংলার founder ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং তরুণ কর্মীদের অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, ভিওডি বাংলা দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্যদিকে, ভিওডি বাংলার ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সালাম সাগর দুই বছরের পথচলায় ডিজিটাল কনটেন্ট ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও দর্শকদের মনে জায়গা করে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
অতিথিদের তালিকায় আরও ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য দেলাওয়ার হোসেন, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব ড. মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি শামসুদ্দিন পারভেজ, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু, জেডিপির আহ্বায়ক নাঈম আহমেদ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক রাইয়ান জহির এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর সত্য ও নির্ভরযোগ্য সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল ‘ভিওডি বাংলা’। ‘পথ দেখে, পথ দেখায়’ স্লোগানকে বুকে ধারণ করে প্রতিষ্ঠানটি কেবল গতানুগতিক সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ থাকেনি। ব্রেকিং নিউজ, বিশেষ প্রতিবেদন, সমসাময়িক ঘটনা ও দেশের প্রান্তিক মানুষের জীবনঘনিষ্ঠ গল্প তুলে ধরার পাশাপাশি দেশের প্রথম অনলাইনভিত্তিক টক শো চালুর মাধ্যমে দর্শকদের সামনে ভিন্নধর্মী কনটেন্ট উপস্থাপন করে আসছে ভিওডি বাংলা মিডিয়া লিমিটেড।
প্রতিবেদনটি ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ০২: ৪৪ মিনিটে (02 September 2026, 02:44) প্রকাশিত হয়েছে।

