বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন মাসের সামগ্রিক কর্মদক্ষতার মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম। সোমবার (২১ জুলাই) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তাকে সম্মাননা প্রদান করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, প্রশাসনিক দক্ষতা এবং জনসেবামূলক কার্যক্রমের ওপর ভিত্তি করে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাত মাস আগে উজিরপুর মডেল থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি মো. রকিবুল ইসলাম মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিলসহ নানা জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছেন। সাত মাসের মধ্যে এটি তার পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার ঘটনা। তার পাশাপাশি উজিরপুর মডেল থানাও এই সময়ে পাঁচবার জেলার সেরা থানার স্বীকৃতি পেয়েছে।
সম্মাননা পাওয়ার পর ওসি মো. রকিবুল ইসলাম বলেন, এই অর্জন কোনো একক ব্যক্তির নয়; বরং এটি উজিরপুর মডেল থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের সততা, পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমের ফসল। তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং স্থানীয় জনগণের আস্থা ও সহযোগিতার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। এই স্বীকৃতি তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং অপরাধমুক্ত উজিরপুর গড়ার লক্ষ্যে কাজ অব্যাহত থাকবে।
জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, উজিরপুর মডেল থানার এই ধারাবাহিক সাফল্য জেলার অন্যান্য ইউনিটের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

