তীব্র আর্থিক সংকটে জাতিসংঘ, কঠিন পরীক্ষার মুখে খলিলুর রহমান

জাতিসংঘের ইতিহাসে অন্যতম তীব্র আর্থিক সংকটের পটভূমিতে শুরু হয়েছে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। একদিকে বিপুল পরিমাণ বকেয়া চাঁদা ও বাজেট সংকোচন, অন্যদিকে সংস্কারের চাপ—সব মিলিয়ে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে বিশ্ব সংস্থাটি। এমন এক জটিল পরিস্থিতিতে সাধারণ পরিষদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের খলিলুর রহমান। তাঁর নেতৃত্বে শুরু হওয়া এই অধিবেশনে জাতিসংঘের ভবিষ্যৎ রূপরেখা, সংস্কার ও অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

জাতিসংঘের ‘ইউএন৮০ উদ্যোগ’-এর জুন ২০২৬-এর অগ্রগতি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সংস্থাটির আর্থিক সংকট ক্রমাগত ঘনীভূত হচ্ছে। ২০২২ সালে জাতিসংঘ সচিবালয়ের নির্ধারিত বকেয়া চাঁদার পরিমাণ ছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা ২০২৬ সালের এপ্রিল নাগাদ প্রায় ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলারে। এই বকেয়া অর্থের মধ্যে জাতিসংঘের নিয়মিত বাজেটের পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমের বরাদ্দও অন্তর্ভুক্ত রয়েছে।

এই অর্থসংকটের সরাসরি প্রভাব পড়েছে জাতিসংঘের নিয়মিত কার্যক্রমে। সাধারণ পরিষদ ২০২৬ সালের জন্য ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের নিয়মিত বাজেট অনুমোদন করেছে, যা ২০২৫ সালের অনুমোদিত বাজেটের চেয়ে প্রায় ৭ শতাংশ কম। ব্যয় সংকোচনের অংশ হিসেবে ২০২৬ সালের শুরুতেই ২ হাজার ৯০০টি পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ইতিমধ্যে এক হাজারের বেশি কর্মীর চাকরি ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত জুলাইয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ সচিবালয়ের ব্যবস্থাপনা, কৌশল, নীতি ও বিধি মেনে চলাবিষয়ক শীর্ষ কর্মকর্তা জানান, সচিবালয়ের ব্যয় ৯ দশমিক ২ শতাংশ কমানো হয়েছে। তবে এই হারকে সামগ্রিক নিয়মিত বাজেট কমার হার হিসেবে দেখার সুযোগ নেই এবং ২০২৭ সালের বাজেটে একই মাত্রায় নতুন করে কাটছাঁটের কোনো পরিকল্পনা নেই বলেও তিনি স্পষ্ট করেন।

‘ইউএন৮০ উদ্যোগ’-এর নথিতে উল্লেখ করা হয়েছে, শুধু বকেয়া চাঁদা নয়, বরং নিয়মিত বাজেট পরিচালনায় গুরুতর নগদ অর্থসংকট তৈরি হয়েছে। সদস্যরাষ্ট্রগুলোর কাছ থেকে সময়মতো ও পূর্ণাঙ্গভাবে নির্ধারিত চাঁদা না পাওয়া, স্বেচ্ছা অনুদান কমে যাওয়া এবং শান্তিরক্ষা কার্যক্রমের তহবিল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংকট সামাল দিতে গত জুনে সাধারণ পরিষদ একটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেয়। তৎকালীন সাধারণ পরিষদ সভাপতি আনালেনা বেয়ারবক জানান, নতুন সিদ্ধান্তের ফলে শান্তিরক্ষা কার্যক্রমের ৯০০ মিলিয়ন ডলারের বেশি এবং নিয়মিত বাজেটের প্রায় ৪০০ মিলিয়ন ডলার সদস্যরাষ্ট্রগুলোর কাছে ফেরত দেওয়ার চাপ থেকে জাতিসংঘ মুক্ত থাকবে। তবে তিনি সতর্ক করে বলেন, এই সাময়িক সিদ্ধান্ত সংকটের মূল কারণ দূর করেনি; দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সদস্যরাষ্ট্রগুলোর সময়মতো ও পূর্ণাঙ্গ অর্থ প্রদান অপরিহার্য।

এই বহুমুখী সংকটের মধ্যেই গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন, যার সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের খলিলুর রহমান। দায়িত্ব নেওয়ার পরই তিনি জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তাঁর ঘোষিত বছরের মূল প্রতিপাদ্য হলো—‘আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’। খলিলুর রহমানের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও মানবিক সহায়তা, ডিজিটাল শাসন এবং জাতিসংঘ সংস্কার। ফলে এই তীব্র অর্থসংকটের মধ্যে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়াই তাঁর সভাপতির মেয়াদের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে।

বর্তমানে ‘ইউএন৮০ উদ্যোগ’-এর আওতায় প্রশাসনিক ব্যয় হ্রাস, কাজের পুনরাবৃত্তি রোধ, দক্ষতা বৃদ্ধি এবং সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন দপ্তরের কাজ ও কাঠামো পর্যালোচনা করা হচ্ছে, যা কর্মী ছাঁটাই এবং সামগ্রিক কার্যক্রমে এর প্রভাব নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, সীমিত সম্পদের মধ্যেই সংস্থাকে আরও কার্যকর করাই এই সংস্কারের মূল লক্ষ্য। এদিকে বকেয়া আদায়ের ক্ষেত্রে কিছুটা অগ্রগতিও লক্ষ্য করা গেছে। জাতিসংঘের চাঁদা নির্ধারণবিষয়ক কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৪০টি রাষ্ট্র ২০২৬ সালের নিয়মিত বাজেটের নির্ধারিত চাঁদা পুরোপুরি পরিশোধ করেছে। তবে এখনো ৫৩টি দেশ তাদের নির্ধারিত চাঁদা সম্পূর্ণ পরিশোধ করেনি।

সব মিলিয়ে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনটি এমন এক সন্ধিক্ষণে অনুষ্ঠিত হচ্ছে, যখন জাতিসংঘকে একই সঙ্গে অর্থনৈতিক টানাপোড়েন, সংস্কারের তাগিদ এবং সদস্যরাষ্ট্রগুলোর আস্থা ধরে রাখার ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এই পরিস্থিতিতে খলিলুর রহমানের নেতৃত্বে বিশ্ব সংস্থাটি কীভাবে নিজের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখে, এখন সেটাই দেখার বিষয়।