কক্সবাজারের উখিয়ায় অপহরণের প্রায় এক মাস পর দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো থাইংখালী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১)। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া থানাধীন থাইংখালী এলাকায় নিজ বাড়ি থেকে শফিকুল ও শহিদুল অপহৃত হয়। ঘটনার পর থেকেই তাদের উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে আসছিল। দীর্ঘ প্রায় এক মাসের প্রচেষ্টার পর ১১ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে কোনো মুক্তিপণ ছাড়াই দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
দুই সন্তানকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজার জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান দুই শিশুকে উদ্ধারে সহযোগিতা করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজাদ জানান, অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান নিশ্চিত করেছেন যে, কোনো মুক্তিপণ ছাড়াই তাদের উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

