তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের চাকার কয়েল স্প্রিং ও বডির অংশ ভেঙে পড়ার পর তিন ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

ঘটনার সূত্রপাত হয় শনিবার সকাল ৯টার দিকে, যখন চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনটি পুরানাপৈল রেলগেট এলাকা অতিক্রম করছিল। হঠাৎ ট্রেনটির একটি বগির চাকার কয়েল স্প্রিং ভেঙে নিচে নেমে গেলে সেটি রেললাইনের ওপর আটকা পড়ে। এতে ব্রডগেজ লাইনে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্রেন পরিচালক ছানোয়ার হোসেন জানিয়েছেন, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পেরে ট্রেন থামিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই সান্তাহার জংশন স্টেশন থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িকভাবে মেরামত করে ট্রেনটিকে জয়পুরহাট রেল স্টেশনে নিয়ে যায়।

এই আকস্মিক দুর্ঘটনার ফলে জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়িসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীদের কিছুটা ভোগান্তির শিকার হতে হয়।