সংসদের কালো ইতিহাসে আর ফিরতে চাই না: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

জাতীয় সংসদে স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন নিয়ে আলোচনার সময় অতীতে ঘটে যাওয়া নেতিবাচক ঘটনার পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। রবিবার সংসদে নিজের বক্তব্যে তিনি বলেন, অতীতে স্পিকারকে পিটিয়ে হত্যা এবং ডেপুটি স্পিকার শাহেদ আলী সাহেবের হত্যাকাণ্ডের মতো কলঙ্কজনক ঘটনা ঘটেছে, এমনকি জুতা ছোড়াছুড়ির মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সংসদ সেই কালো ইতিহাসে আর ফিরে যেতে চায় না।

স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বিরোধী দলীয় উপনেতা জানান, সংসদের বিরোধী দলের সদস্যসংখ্যার অনুপাতে স্থায়ী কমিটির সদস্য পদের ২৬ শতাংশ তাদের পাওয়ার কথা। একই অনুপাতে কমিটিগুলোর সভাপতি পদেও ২৬ শতাংশ প্রতিনিধিত্ব প্রত্যাশা করে বিরোধী দল। তবে এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

এ সময় চিফ হুইপের সঙ্গে তার ফোনালাপের বিষয়টি টেনে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিলে সভাপতি পদ দেওয়া হবে—এমন কোনো সমঝোতা আগে হয়নি। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে যাওয়ার বিনিময়ে সভাপতি পদ পাওয়ার কোনো শর্ত বা জোর-জবরদস্তির চর্চাকে তারা সঠিক বলে মনে করেন না। তার দলের নীতিগত সিদ্ধান্ত হলো তারা ওই কমিটিতে অংশগ্রহণ করবে না।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, এটি জনগণের সংসদ। তাই বৈষম্যবিরোধী এই সংসদে বিরোধী দল হিসেবে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি দাবি করেন।