শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে: তারেক রহমান

একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার মূল চাবিকাঠি হলো গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, দেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষিখাতকে চাঙ্গা করতে প্রযুক্তি, সেচ, কৃষি অর্থায়ন ও কৃষিপণ্যের বাজার সংযোগ সহজ করার পাশাপাশি মৎস্য, প্রাণিসম্পদ ও গ্রামীণ উদ্যোক্তাদের নানা সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি প্রক্রিয়াজাতকরণ ও কৃষি রপ্তানি শিল্পকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি।

উন্নয়নের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সুদৃঢ় করার কাজ চলছে। প্রতিটি নাগরিকের জন্য আইনের শাসন সমানভাবে কার্যকর করা হবে এবং মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখা হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে সত্যিকার অর্থেই জনগণের সেবায় নিয়োজিত থাকে, তেমন একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় চার ধরনের বিশেষ কার্ড চালুর ঘোষণা দেন। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোর মায়েদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। ‘কৃষক কার্ড’ কৃষকদের সরকারি প্রণোদনা ও বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে এবং ‘হেলথ কার্ড’ সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করবে। এছাড়া ‘ইউনিভার্সেল কার্ড’-এর মাধ্যমে নাগরিকরা সব ধরনের সমন্বিত সরকারি সেবা এক ছাতার নিচে পাবেন。

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ১ লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই হবেন নারী। তারা মাঠপর্যায়ে প্রাথমিক চিকিৎসা ও রেফারেল সেবা দেবেন। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য তৈরি করতে আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। পাঠ্যক্রমে সংস্কৃতি, খেলাধুলা ও নৈতিকতার পাশাপাশি একটি তৃতীয় ভাষা শেখার সুযোগ থাকবে। কারিগরি শিক্ষার প্রসারের পাশাপাশি প্রথম শ্রেণি থেকেই বিনামূল্যে ইউনিফর্ম, স্কুলব্যাগ, মিড-ডে মিল ও বৃত্তি দেওয়া হবে। মেয়েদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিধি বাড়ানো হচ্ছে। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ‘ব্রেইন ড্রেন’কে ‘ব্রেইন সার্কুলেশনে’ রূপান্তর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের পানি ও পরিবেশ সুরক্ষায় বেশ কিছু বড় পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খনন করা হবে। পানি ব্যবস্থাপনার জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরির মধ্যে ৫৩টিই বাংলাদেশে রয়েছে উল্লেখ করে তিনি পরিবেশবান্ধব শহর গড়ে তোলার ওপর জোর দেন।

মিয়ানমার থেকে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হলো তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো। এ সংকটের উৎপত্তি যেখানে, সমাপ্তিও সেখানেই হতে হবে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক ও আর্থিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

দেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে সমুদ্রবন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি তথা ব্লু-ইকোনমিকে বিশ্বের সঙ্গে যুক্ত করার অপার সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাহাজ চলাচল, পর্যটন, জ্বালানি ও মৎস্যসম্পদের উন্নয়নে আঞ্চলিক অংশীদারিত্ব জরুরি। বাংলাদেশ সংলাপ, অংশীদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে সব বৈশ্বিক অংশীদারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।