বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যোগ্য ব্যক্তিদের সঠিক দায়িত্ব প্রদান এবং আধুনিক প্রযুক্তির সংযোজন নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। তিনি মনে করেন, বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো প্রয়োজন এবং এই প্রক্রিয়ায় প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর রমনায় আইইবি অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বস্ত্র খাতে বিদ্যমান সমস্যা নিরসনে করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং আইটিইটির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও তৈরি পোশাক খাতকে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, এ খাতের বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। উদ্যোক্তারা বর্তমানে জ্বালানি ও বিদ্যুতের সংকট, ক্রমবর্ধমান বিদ্যুতের মূল্য, ব্যাংকিং খাতে অর্থায়নের সীমাবদ্ধতা, ঋণপত্র বা এলসি খোলার জটিলতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের কমপ্লায়েন্সের কঠিন শর্ত পূরণের মতো নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব ও যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় শিল্পখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের বৃহত্তর কর্মসংস্থানের সঙ্গে জড়িত এই খাতকে টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের বিষয়টি বস্ত্র খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইউরোপ ও আমেরিকার ক্রেতারা এলডিসি উত্তরণের পর বাংলাদেশের পণ্য কেনার ক্ষেত্রে আগের মতো আগ্রহী না-ও থাকতে পারেন, তাই কমপ্লায়েন্সের শর্ত পূরণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
প্রকৌশলীদের উদ্দেশে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জাতীয়তাবাদী দর্শনের মূল ভিত্তি হলো দেশপ্রেম। প্রকৌশলীদের ব্যক্তিগত চিন্তার ঊর্ধ্বে উঠে সামাজিক ও রাষ্ট্রীয় কল্যাণে সমষ্টিগতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে একটি আধুনিক ও উৎপাদনশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। এছাড়া প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো উদ্যোগ এবং ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের ভাতা প্রদানের মাধ্যমে সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক সম্প্রসারণের প্রচেষ্টা দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে তিনি আইটিইটির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং নভেম্বরে অনুষ্ঠেয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শুভেচ্ছা জানান।

