চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, মাঠেই হবে ব্যবহারিক মূল্যায়ন

শিশুদের সুস্থ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার ওপর জোর দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের কেবল খেলাধুলায় ব্যস্ত রাখলেই হবে না, বরং মাঠেই তাদের ব্যবহারিক মূল্যায়ন সম্পন্ন করা হবে। শনিবার দুপুরে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষে পল্লবী থানার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিশুদের মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসের প্রতি অতিনির্ভরতা কমিয়ে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি অভিভাবকদের পরামর্শ দিয়ে বলেন, সন্তানদের খেলাধুলার সুযোগ করে দিলে তাদের মধ্য থেকেই ভবিষ্যতের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ উঠে আসবে। অভিভাবকদেরও নিজের শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের শিশু-কিশোরদের খেলাধুলায় যুক্ত করা হচ্ছে। গত ১ জুলাই থেকে এর অনলাইন নিবন্ধন শুরু হয়েছে এবং ১০ থেকে ১৪ বছর বয়সি শিশুরা এতে অংশগ্রহণ করতে পারবে।

বর্তমান সরকারের স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে সরকার প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে। পাশাপাশি খেলার মাঠে প্রবীণদের হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. এল. এম. কামরুজ্জামান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জয়, শিক্ষা সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এটিএম অলিউল হাসানাত তুহিন, পল্লবী থানা আহ্বায়ক আলী আকবর এবং সাধারণ সম্পাদক এরশাদ হোসেন। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পল্লবী থানা শাখার সভাপতি মো. হায়দার ইসলাম।