দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজনই সিলেটের। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জন এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

রোববার (৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৮ জন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৭৫ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৮৮ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।