এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই দিন আগেই বিদ্যুৎস্পৃষ্টে শিহাবের মৃত্যু

ফল প্রকাশের দিনটি শিহাবের পরিবারের জন্য হওয়ার কথা ছিল আনন্দের। মা-বাবা অপেক্ষায় ছিলেন একমাত্র সন্তানের ভালো ফলাফলের। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই দিনটি এখন তাদের জন্য কেবলই বেদনার। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাব পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। সোমবার প্রকাশিত ফলাফলে শিহাব গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।

নিহত শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানুরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে ঢাকার বিমানবন্দর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। শিহাবের চাচার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা গ্রামের বাড়িতে এসেছিল। তার বাবা-মা চাকরির সুবাদে ঢাকায় থাকতেন। শিহাব বাবা-মায়ের একমাত্র ছেলে ছিল, তার দুটি ছোট বোন রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। যে ছেলে নিজের হাতে ফলাফলের খবর জানিয়ে বাবা-মায়ের মুখে হাসি ফোটাবে, সেই শিহাব আজ নেই। তার ঘরে পড়ে আছে বই-খাতা আর অপূরণীয় শূন্যতা। স্বজন ও সহপাঠীদের কাছে দিনটি হয়ে উঠেছে আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতির।

শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, চাচার বিয়ের অনুষ্ঠানে এসে শিহাবের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে জানান, তারা পরিবারের পাশে আছেন এবং স্থানীয় চেয়ারম্যানকে তাদের সান্ত্বনা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।