সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন তার চাকরি ফিরে পেয়েছেন। আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে কমিশন তাকে পূর্ববর্তী জ্যেষ্ঠতা এবং বকেয়া বেতন-ভাতাসহ সব প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুদক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে শরীফ উদ্দিন চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তার আবেদনটি উপস্থাপন করা হয়। আদালতের রায় ও আবেদন পর্যালোচনা করে কমিশন তার অপসারণের আগের আদেশটি প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়। দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে তাকে পুনরায় চাকরিতে বহাল করা হয়েছে এবং আদেশ জারির তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ২৯ অক্টোবর শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার সর্বশেষ বাধা দূর হয়। ওই দিন হাইকোর্টের পুনর্বহালের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ শরীফ উদ্দিনকে পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের রায় বহাল থাকে। তার জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন জানান, দুদক লিভ টু আপিলটি পরিচালনা না করার নির্দেশনা পাওয়ায় এবং চেম্বার আদালত তা মঞ্জুর করায় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক পদ থেকে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট তার অপসারণের আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন। আদালত আদেশটি শুরু থেকেই বাতিল করে তাকে পূর্ববর্তী জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ পুনর্বহালের নির্দেশ দেন এবং রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়নের কথা বলেন।
এর আগে ২০২২ সালের ১৩ মার্চ শরীফ উদ্দিন বিধি ৫৪(২)-এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। এর আগে আহসান আলীর মামলায় ৫৪(২) বিধি বাতিলের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল বিচারাধীন থাকায় তার রিটের শুনানি মুলতবি ছিল। পরে ২০২২ সালের ১৬ জুন শরীফ উদ্দিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ২০২৩ সালের ১৬ মার্চ আপিল বিভাগ দুদকের আপিল মঞ্জুর করে হাইকোর্টের আগের রায় বাতিল করেন এবং শরীফ উদ্দিনের লিভ টু আপিলকে প্রয়োজনের অতিরিক্ত বলে উল্লেখ করেন। ২০২৩ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ ৫৪(২) বিধি প্রয়োগে সর্বোচ্চ সতর্কতা ও ১২ দফা নির্দেশনা অনুসরণের কথা বলেন। এরপর হাইকোর্টে রিটের শুনানি শুরু হয় এবং ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রুল জারির পর ৯ জুলাই চূড়ান্ত রায়ে তাকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।
শরীফ উদ্দিনকে অপসারণের ঘটনা ২০২২ সালে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৬ জুন তাকে পটুয়াখালীতে বদলি করা হয়। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জানিয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন তিনি। দুদকের অপসারণের আদেশে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধিতে দেওয়া ক্ষমতাবলে তাকে অপসারণ করা হয়েছিল, যেখানে ৯০ দিনের বেতন ও সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল, তবে তিনি আইনি লড়াই চালিয়ে যান।

