১৬ ডিসেম্বর থেকে শাহজালালের তৃতীয় টার্মিনালে চলবে ৪ ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হলে ওই দিন থেকেই টার্মিনালটির কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় মন্ত্রী এই তথ্য জানান। সভায় উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

প্রাথমিক পর্যায়ে টার্মিনালটি ব্যবহার করে প্রতিদিন দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করা হবে। মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার হলো এই টার্মিনাল চালু করা। প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন, তাই সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

টার্মিনাল চালুর পূর্বপ্রস্তুতি হিসেবে সভায় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক উড়োজাহাজ চলাচল এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসব কাজের অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ নিয়েও সংশ্লিষ্ট প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।

মন্ত্রী আরও জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে তৃতীয় টার্মিনাল এখন চালুর পর্যায়ে এসেছে। ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করার প্রস্তুতিও চলমান থাকবে। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনাল চালুর লক্ষ্য অর্জন সম্ভব হবে।