চলতি সেপ্টেম্বর মাসে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটির তথ্য অনুযায়ী, এ মাসে দেশের ওপর দিয়ে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে মৃদু তাপপ্রবাহের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহের তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দেশের বিভিন্ন এলাকায় ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরের পরিস্থিতির বিষয়ে বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
নদ-নদীর স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা থাকলেও ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

