ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকারবিরোধী মন্তব্য করে আলোচনায় আসা নারী ব্যবসায়ী সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত শুনানি শেষে তাঁকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, আজ সাথী আক্তারকে আদালতে হাজির করার নির্ধারিত তারিখ ছিল। শুনানিতে তাঁর পক্ষে অংশ নেন আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ। আদালত ৫০০ টাকার মুচলেকায় তাঁকে জামিন প্রদান করেন। জামিন পাওয়ার পর আজই তাঁকে আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে। গত রোববার বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে তিনি দুটি লাইভ করেছিলেন। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওগুলোতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি মন্তব্য করেন, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ওই দিন রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছিল।

