নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৭ আগস্ট) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম। অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল তাকে সহায়তা প্রদান করে।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বাজার থেকে সংগ্রহ করা ভালো ডিমের সঙ্গে পচা ডিম মিশিয়ে কেক তৈরি করছিল। পচা ও ভাঙা ডিমগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। একইসঙ্গে ‘হানিকম্ব’ নামের বান তৈরির ক্ষেত্রে নোংরা ও অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে (রুচিকা বেকারিকে) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, পচা ডিম এবং অপদ্রব্য মিশ্রিত বিপুল পরিমাণ চিনির শিরা জব্দ করে ধ্বংস করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

