রংপুর মাউশিতে হাসিনার আত্মীয় মাহমুদকে পদায়নের পাঁয়তারা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৪০

ফ্যাসিস্ট হাসিনার দোসর ও তার নিকটাত্মীয়, ছাত্রলীগের সাবেক ক্যাডার মাহমুদুর রহমানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর আঞ্চলিক কার্যালয়ে সহকারী পরিচালক (কলেজ) হিসেবে পদায়নের জোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তাকে এই পদে বসাতে বড় অঙ্কের ঘুস লেনদেনের চেষ্টা চলছে।

পীরগঞ্জ উপজেলা বিএনপির নেতা হান্নান মিয়া ও মাসুদ করিম জানিয়েছেন, মাহমুদুর রহমান মূলত ফ্যাসিস্ট খুনি হাসিনার ভাতিজা এবং পীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শামীমের খালাতো ভাই। শামীম এবং সজীব ওয়াজেদ জয় আপন চাচাতো-জেঠাতো ভাই হওয়ায় মাহমুদুর ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চাকরি পাওয়ার পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি বিভিন্ন লোভনীয় পদে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানেও দলকে নানাভাবে সহযোগিতা করছেন। তাদের মতে, এমন চিহ্নিত ফ্যাসিস্টের লোকজনকে উচ্চপদ দিলে তা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবে।

রংপুর কারমাইকেল কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ২৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে যোগদানের পর থেকে মাহমুদুর রহমান ক্ষমতার দাপট দেখিয়ে আসছেন। ২০২০ সালের ১৭ ডিসেম্বর আওয়ামী প্রভাব খাটিয়ে তিনি মাউশি রংপুর অঞ্চলে সহকারী পরিচালক (মাধ্যমিক) হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে ৩১ অক্টোবর ২০২১ তারিখে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনিকে ম্যানেজ করে তিনি দিনাজপুর শিক্ষাবোর্ডে উপ-বিদ্যালয় পরিদর্শক হিসেবে প্রাইস পোস্টিং বাগিয়ে নেন। বোর্ডের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোটি টাকার ঘুস বাণিজ্যের অভিযোগ রয়েছে এবং তিনি পীরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় ছিলেন।

সূত্রমতে, বর্তমানে মাউশির কলেজ শাখার এক কর্মকর্তা দিনাজপুর শিক্ষা বোর্ডে একসঙ্গে কাজ করার সুবাদে মাহমুদুর রহমানকে কলেজ শাখার এডি পদে নিয়ে আসার জন্য উঠেপড়ে লেগেছেন। ফাইলটি বর্তমানে ঢাকায় অতিরিক্ত সচিব এবং সচিবের দপ্তর পেরিয়ে বর্তমান শিক্ষামন্ত্রীর টেবিলে রয়েছে। জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ ইমতি এ ধরনের নিয়োগের তীব্র বিরোধিতা করে বলেছেন, কোনো ফ্যাসিস্টের দোসরকে সরকারি উচ্চপদে নিয়োগ দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। এছাড়া মাউশির রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ এবং কলেজ শাখার উপ-পরিচালক কামরুজ্জামান পাইকারও এই সম্ভাব্য নিয়োগের নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন।

এ বিষয়ে মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়া মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের হোয়াটসঅ্যাপে মাহমুদুর রহমানের আওয়ামী সংশ্লিষ্টতার প্রমাণসহ বিভিন্ন ডকুমেন্ট পাঠানো হলেও তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।