কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। রোববার দুপুরে কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ হয়ে যায় বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম নিশ্চিত করেছেন। এই বিভ্রাটের আগে কেন্দ্রটি থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল, তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।
রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কেন্দ্রটির দুটি ইউনিট মিলিয়ে মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩০০ মেগাওয়াট। সাধারণত দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে সর্বোচ্চ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায়। আর একটি ইউনিট চালু থাকলে ৫৫০ থেকে ৬০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়।
বন্ধ হওয়া ইউনিটটি পুনরায় চালু করার বিষয়ে জানতে চাইলে মো. জহুরুল ইসলাম জানান, ইউনিট বন্ধের পর তা শীতলীকরণ বা কুলিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। ভারত থেকে দুজন প্রকৌশলী আসার কথা রয়েছে এবং তারা আসার পরই মেরামতের কাজ শুরু হবে। সব মিলিয়ে কেন্দ্রটির উৎপাদন পুনরায় স্বাভাবিক হতে তিন থেকে চার দিন সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের কার্যালয় থেকে জানা যায়, দুটি ইউনিট মিলিয়ে মোট উৎপাদন সক্ষমতা ১৩০০ মেগাওয়াট।
কিন্তু দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে সর্বোচ্চ ১১০০ থেকে ১২০০ মেগাওয়ার্ট পর্যন্ত উৎপাদন হয়।

