আলোকবালিতে হত্যা মামলার আসামিদের দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদ

নরসিংদীর আলোকবালিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্য এবং হত্যা মামলার আসামিদের অন্তর্ভুক্ত করে বিএনপি কমিটি গঠন করার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে আলোকবালি আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই কমিটি বাতিলের দাবি জানানো হয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্থান না পাওয়া ত্যাগী নেতারা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।

আলোকবালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান, হযরত আলী ও সজল মিয়াসহ স্থানীয় পদবঞ্চিত নেতারা।

বক্তারা অভিযোগ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনকে পদ দেওয়া হয়েছে। অথচ যারা দীর্ঘ সময় ধরে বিএনপিতে সক্রিয় থেকে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের এই কমিটি থেকে বঞ্চিত রাখা হয়েছে। বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই কমিটি দিয়ে দল পরিচালিত হলে ত্যাগী নেতাকর্মীদের আবারও হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতে হবে।

প্রতিবাদ সভায় পদবঞ্চিত নেতারা অবিলম্বে এই বিতর্কিত কমিটি বিলুপ্ত করার দাবি জানান। তাদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্য ও হত্যা মামলার আসামিদের বাদ দিয়ে ত্যাগী কর্মীদের সমন্বয়ে নতুন করে আলোকবালি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বড় ধরনের কর্মসূচির ঘোষণা দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।