জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু ন্যায়বিচার এবং ক্ষতিপূরণ আদায়ের বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সরকারি সফরে তিনি তুরস্কের আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বনেতা সম্মেলনে অংশগ্রহণ করবেন।

পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আগামী ১২ নভেম্বর সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। তিনি জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রক্রিয়া, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, পররাষ্ট্রবিষয়ক দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিরা থাকছেন।

সফরের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্রসচিব জানান, এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা থাকলেও বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে নির্দিষ্ট কোনো প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা কম।

বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। পররাষ্ট্রসচিব বলেন, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক ফোরামে দেশের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে বৈশ্বিক সচেতনতা ও সহযোগিতা আদায়ের চেষ্টা করা হচ্ছে।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পাটের বহুমুখী ব্যবহার ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্য তুলে ধরতে একটি পাটের প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। সম্মেলনের ব্লু জোনে ১২ ও ১৩ নভেম্বর দুটি পার্শ্ববৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে জলবায়ু পরিবর্তনে নারীদের ঝুঁকি এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার নিয়ে আলোচনা হবে। এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া সহসভাপতির দায়িত্বে রয়েছে।