নিজেদের সঠিকভাবে গড়লে সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপস্থিত শিশু-কিশোর ও খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছে, তবে এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন আজকের শিশুরা নিজেদের আগামী দিনের উপযোগী করে গড়ে তুলবে। তিনি তাদের পড়ার সময়ে মন দিয়ে পড়ার এবং খেলার সময়ে মন দিয়ে খেলার পরামর্শ দেন। তিনি আরও বলেন, বাংলাদেশ শিশুদের দিকে তাকিয়ে আছে, তাই তাদেরই এই দেশ গড়ার কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, প্যান্ডেল ও গ্যালারিতে উপস্থিত হাজার হাজার শিশুর মধ্য থেকেই আগামী দিনের সফল ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, আন্তর্জাতিক মানের ক্রিকেটার, সাঁতারু ও টেনিস খেলোয়াড় বেরিয়ে আসবে।

পরিবেশ রক্ষায় শিশুদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, রাস্তা বা বাসার আশেপাশে ময়লা, প্লাস্টিকের বোতল পড়ে থাকতে দেখলে তা সরিয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। কেউ পুকুর বা নদীনালায় ময়লা ফেললে বন্ধুদের নিয়ে তা পরিষ্কার করার আহ্বান জানান তিনি। এছাড়া পরিবেশ সুন্দর রাখতে প্রতিবছর গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রকৃতির প্রতি দয়াশীল হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কুকুর, বিড়ালসহ সব পশুপাখির যত্ন নিতে হবে এবং তাদের কোনো প্রকার ক্ষতি করা যাবে না।

বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার পরিবেশ উন্নত করতে নিরলস কাজ করছে এবং শিশুদের পড়ালেখা, খেলাধুলা, গান বা ছবি আঁকার প্রতিটি ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

সাংবাদিক ও সংবাদমাধ্যমের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমে রাজনৈতিক ও সামাজিক খবরের পাশাপাশি শিশুদের এই আয়োজন ও সাফল্যের খবরকে যেন 'লিড নিউজ' হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়।