প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য চালু করা ভ্রাম্যমাণ ল্যাব বা মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন। আজ সকালে সচিবালয়ে নিজের দপ্তরে প্রবেশের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা ল্যাবটির কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করেন এবং খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ল্যাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তারা জানান, দেশের ৬৪টি জেলায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় এই ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে নিয়মিত তদারকি চলছে এবং পর্যায়ক্রমে তা ৬৪টি জেলাতেই সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আরও ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বাড়াতে ভ্যানের বাইরের মনিটরে নিয়মিত সচেতনতামূলক ভিডিও প্রচার করা হচ্ছে।
পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

