নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছয়টি পৃথক কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ৯ আগস্ট রবিবার এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গত ৬ আগস্ট নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিন, তারিখ, সময় ও স্থান নির্ধারিত হবে। এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্যই এসব কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিগুলোর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি কাজ করবে। এছাড়া, প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি গঠন করা হয়েছে।
আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির নেতৃত্বে রয়েছেন সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। অন্যদিকে, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আসন ব্যবস্থাপনা কমিটি এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী এসব কমিটিতে নতুন কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে। কমিটিগুলোকে দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। এছাড়া উপকমিটির আহ্বায়কদের নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে কার্যক্রমের অগ্রগতি জানাতে এবং প্রয়োজনীয় নির্দেশনা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

