রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপি নেতা অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪৯ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন অলি আহমদের মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রস্তাবক এবং নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সমর্থকের দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, একজন প্রার্থীর মনোনয়নের জন্য একজন সংসদ সদস্যের প্রস্তাবনা এবং আরেকজনের সমর্থনের পাশাপাশি প্রার্থীর নিজের সম্মতিসূচক স্বাক্ষরের প্রয়োজন হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমার দিন নির্ধারিত ছিল। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। সবশেষে ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যদি প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হয়, তবে তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। অন্যথায় সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র চালুর পর সেবারই একাধিক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়েছিল। এরপর থেকে সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং প্রধান নির্বাচন কমিশনার এতে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।