সাভারের আমিনবাজারে এসবির এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত পুলিশ কর্মকর্তার নাম আলতাফ হোসেন (৫৮)। তিনি এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন।

শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমিনবাজার বড়দেশী মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি ফ্যাক্টরির সামনে প্রাইভেট কার পার্কিং করা নিয়ে কথাকাটাকাটি হয়। এর জেরে ১০ থেকে ১৫ জনের একটি দল পুলিশ সদস্য আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের ওপর হামলা চালায় এবং তাদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি সপরিবারে সাভারের আমিনবাজার এলাকায় বসবাস করতেন।

এ সংক্রান্ত খবরটি ০৬ সেপ্টেম্বর ২০২৬ (06 September 2026) তারিখ ভোর ০৩:০৬ (03:06) মিনিটে প্রকাশ করা হয়েছে।