সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও জোরদার করতে একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক 'সাইবার সিকিউরিটি ইউনিট' গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে পুলিশ বাহিনীতে আইটি, প্রকৌশল ও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক দক্ষ সদস্য রয়েছেন। তাঁদের এই দক্ষতাকে কাজে লাগিয়েই নতুন এই ইউনিট প্রতিষ্ঠা করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে পুলিশ সদর দপ্তর, ডিএমপির সাইবার ইউনিট ও সিআইডির মাধ্যমে ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক অ্যানালাইসিস অ্যাডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে, তবে এখন একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
পুলিশ সদস্যদের মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের সুবিধা বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, মাস্টার ট্রেইনার পর্যায়ের কর্মকর্তাদের আরও কার্যকর করতে প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষক আনা হবে অথবা আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে। এর ফলে সাইবার স্পেসসহ যেকোনো ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত থাকতে পারবে।
সভায় পিএসসির পরিচালনা বোর্ডের বিগত ২০তম সভার কার্যবিবরণী অনুমোদন ও গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এছাড়া সভায় পিএসসির অধীনে পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র 'গবেষণা ও উদ্ভাবন সেন্টার' প্রতিষ্ঠা, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বাধ্যতামূলক প্রশিক্ষণকে অগ্রাধিকার শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা, এমআরটির ভূমি ব্যবহারের প্রস্তাব পর্যালোচনা এবং বাধ্যতামূলক প্রশিক্ষণের বৈদেশিক অংশের জন্য অর্থ বরাদ্দের বিষয়ে আলোচনা হয়েছে।
পাশাপাশি মাস্টার্স ইন ফরেনসিক সায়েন্স এবং মাস্টার্স ইন ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্স কোর্স চালু, ইন্টারপার (INTERPA)-এর মাধ্যমে প্রশিক্ষণের আয়োজন ও বিদেশে প্রশিক্ষণার্থী পাঠানো, পিএসসির অবকাঠামো উন্নয়ন, রজতজয়ন্তী উদ্যাপন এবং সার্কভুক্ত দেশগুলোর জন্য প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বোর্ডের ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

