সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪-এ আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রের উচ্চতার সঙ্গে আমাদের সংকল্পও আরও দৃঢ় হতে হবে এবং আমাদের গৃহীত পদক্ষেপগুলো হতে হবে আরও দ্রুত।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে এই অস্তিত্বের সংকট একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। তিনি বলেন, বিশ্ব যে পরিমাণ কার্বন নিঃসরণ করে, সাগর তার প্রতিটি টনের প্রতিক্রিয়া দেখায়। তাই শুধু অভিযোজনমূলক পদক্ষেপের মাধ্যমে এর প্রভাব সামাল দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ একটি সক্রিয় বদ্বীপ হওয়ায় এর জীবন ও ভবিষ্যৎ উপকূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪ শতাংশ ভূমি তলিয়ে যেতে পারে, যা প্রায় এক কোটি মানুষের জীবন ও জীবিকাকে চরম হুমকির মুখে ফেলবে।
সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশ বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি এবং উপকূল সুরক্ষায় বিনিয়োগ বাড়িয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, পদ্মা ব্যারাজ প্রকল্প, তিস্তা ব্যারাজ আধুনিকায়ন এবং ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সৌরবিদ্যুৎ ও সবুজ শিল্পের প্রসারে কাজ করছে সরকার।
এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী চারটি জরুরি পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। এর মধ্যে রয়েছে বৈশ্বিক নিঃসরণ দ্রুত ও ন্যায়সংগতভাবে কমিয়ে উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করা, জলবায়ু-স্মার্ট প্রযুক্তিতে প্রবেশাধিকার বাড়ানো এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

