জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের দ্বিপক্ষীয় সফরে আগামী ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো মঙ্গলবার দুপুরে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই সফরের পরিকল্পনা গত মাসেই চূড়ান্ত করা হয়েছিল। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
টোকিওতে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেবেন। এছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আসন্ন এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগ সম্প্রসারণ, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্মেলনের আয়োজন এবং জনশক্তি রপ্তানি খাতের অগ্রগতি পর্যালোচনার মতো বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

