প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমি পজিটিভ। সফরটি এখনো চূড়ান্ত না হলেও সম্ভাবনা রয়ে গেছে। প্রধানমন্ত্রী বর্তমানে নানা কাজে ব্যস্ত সময় পার করছেন, তবে সফরটির বিষয়ে বাংলাদেশ সরকার ইতিবাচক অবস্থানে আছে। ব্রিকস সম্মেলন হতে এখনো মাসখানেক সময় বাকি রয়েছে, এর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি।
দুই দেশের সম্পর্কের উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক জটিল বিষয়ের সমাধান হতে পারে। ভারত এই সুযোগ কাজে লাগাবে কি না, তা তাদের ভেবে দেখার বিষয়।
একই সঙ্গে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, জাপানের প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং উপযুক্ত সময়ে তিনি সেখানে সফর করবেন।
সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে সরকারি পর্যায়ে সফল আলোচনা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরে রপ্তানি বৃদ্ধির বিষয়টি নিয়েও ফলপ্রসূ বৈঠক হয়েছে। তিনি জানান, সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি তৈরির একটি প্রকল্প পরিদর্শন করে এসেছেন।
সরকারের গত ছয় মাসের কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সফল। ডিপ্লোম্যাসির নানা ধাপ সফল করতে মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, '৬ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় সফল। ডিপ্লোম্যাসির নানা ধাপ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে।'

