জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ এবং ২০২৪ সালের আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ার লড়াইয়ে তারা প্রাণ দিয়েছেন, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে। শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করতে হলে কেবল স্মরণ করলেই হবে না, জীবিতদের প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে।
বাংলাদেশ স্কাউট সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সবাইকে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় মানসিকতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। দেশের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে অনুপ্রাণিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ স্কাউটসের ১০টি পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পাঠ্যক্রমে তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘‘৭১ ও ২৪-এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে।’’

