পটিয়ায় সারের ডিলারশিপের তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, তোলপাড়

চট্টগ্রামের পটিয়ায় রাসায়নিক সারের ডিলার নিয়োগের প্রাথমিক অনুমোদন তালিকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় রাজনীতি ও সচেতন মহলে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার জন্য সার ডিলার নিয়োগের এই তালিকা অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে নানামুখী আলোচনা ও সমালোচনা।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি সূত্রে জানা গেছে, পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ১৮ জন সার ডিলার নিয়োগের লক্ষ্যে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছিল। এ মনিটরিং কমিটিতে সভাপতির দায়িত্বে রয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

অনুসন্ধানে উঠে এসেছে, ১৮ জনের সুপারিশপ্রাপ্ত তালিকার মধ্যে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে ‘মেসার্স তানভীর এগ্রো’ নামের একটি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানের পরিচালক তানভীর উদ্দীন সেজান পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক এবং সর্বশেষ গঠিত কমিটির সদস্য ছিলেন। একটি নিষিদ্ধ সংগঠনের পদে থাকা নেতার নাম গোয়েন্দা প্রতিবেদন ও প্রাথমিক বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে কীভাবে সুপারিশ তালিকায় যুক্ত হলো, তা নিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়েছে।

অনুমোদিত তালিকায় থাকা অপর ১৬টি ইউনিয়ন ও পৌরসভার ডিলার এবং প্রতিষ্ঠানগুলো হলো—আশিয়া ইউনিয়নে মেসার্স রাশেদ ট্রেডার্সের মালিক মো. রাশেদ মুবিন, কচুয়ায় বিসমিল্লাহ ট্রেডার্সের মোহাম্মদ সোলাইমান, কাশিয়াইশে গাউছিয়া ট্রেডার্সের মো. শাহজাহান তালুকদার, কুসুমপুরা ইউনিয়নে মেসার্স আর এইচ ট্রেডার্সের মো. আমান উল্লাহ, কেলিশহরে মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের মো. আব্দুল মান্নান, কোলাগাঁওয়ে শাহ আফজাল আউলিয়া স্টোরের মো. ইসমাইল, খরনায় মেসার্স পলি ট্রেডার্সের নাজমুল রিজুয়ান, ছনহরায় খাজা স্টোরের মো. এয়াকুব নুর, জঙ্গলখাইনে মেসার্স এম রহমান ট্রেডার্সের মো. মাহাবুবুর রহমান, জিরিতে নুসাইবা ট্রেডার্সের মোহাম্মদ ইয়াছিন, ধলঘাটে নুর হোসেন এন্টারপ্রাইজের নুর হোসেন, পটিয়া পৌরসভায় জাইমা এন্টারপ্রাইজের বুলবুল আহমদ (নান্নু), বড়লিয়ায় মেসার্স মিজান স্টোরের মিজানুর রহমান, ভাটিখাইনে মেসার্স নাজিম অ্যান্ড সনসের নাজিম উদ্দিন, শোভনদণ্ডীতে মেসার্স আল রব এন্টারপ্রাইজের মোহাম্মদ গিয়াস উদ্দীন চৌধুরী, হাইদগাঁওয়ে মেসার্স সাতগাছিয়া এন্টারপ্রাইজের মো. সাইদুল ইসলাম এবং হাবিলাসদ্বীপে এস. এস এন্টারপ্রাইজের মোহাম্মদ শাহজাহান। তালিকায় থাকা কেলিশহর ইউনিয়নের আব্দুল মান্নানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বিগত রাজনৈতিক সরকারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা।

অনুমোদনের প্রজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন পটিয়া পৌরসভা ছাত্রদলের নেতা মোহাম্মদ রেজাউল ইসলাম রাজু। তিনি লিখেছেন, বাহ, কী চমৎকার! কীভাবে পটিয়া উপজেলা ছাত্রলীগের নেতা তানভীর উদ্দিন ইউনিয়ন সারের ডিলারশিপের সুপারিশ পান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সেই প্রশ্ন রাখলাম। আর আমাদের মতো রাজপথের কর্মীদের কথা নাই-বা বললাম। আল্লাহ মহান এবং উনি উত্তম পরিকল্পনাকারী।

বিতর্কের বিষয়ে জানতে চাওয়া হলে পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ও মনিটরিং কমিটির সদস্য সচিব মো. হাবিবুল্লাহ জানান, নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়ন থেকে ৩ জন করে আগ্রহী প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। এটি কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ছিল, তাই এখানে একক কোনো সিদ্ধান্ত বা দায় নেই। তালিকায় নিষিদ্ধ সংগঠনের নেতার নাম থাকার বিষয়ে তিনি বলেন, ডিলার আবেদনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পদ-পদবি বিবেচনায় নেওয়া হয়নি, দেশের যেকোনো নাগরিক আবেদন করতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকেই নির্ধারিত হবে।

এদিকে বিষয়টির সত্যতা ও অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মনিটরিং কমিটির সভাপতি ফারহানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে মেসার্স তানভীর এগ্রোর পরিচালক তানভীর উদ্দীন সেজানের ব্যক্তিগত নম্বরে বারবার চেষ্টা করা সত্ত্বেও তিনি কোনো সাড়া দেননি।

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৩: ১৩আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৩: ২০