পুরোনো উড়োজাহাজ কেনায় জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি

বিমানের নিজস্ব নীতিমালায় পুরোনো উড়োজাহাজ ক্রয়ের কোনো সুযোগ না থাকা সত্ত্বেও ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজের লিজের মেয়াদ শেষে তা কিনে নেওয়ার ঘটনায় জড়িতদের তালিকা তলব করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। কমিটি একই সঙ্গে এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

উড়োজাহাজ ক্রয়ের পর পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সংসদীয় কমিটি এই কঠোর অবস্থান নিয়েছে। বৈঠকে বিমানের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ি রাজস্ব উদ্ধার এবং অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য হিসেবে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সভায় বিমানের অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা এবং লোকসানি রুট পরিচালনার মতো বিষয়গুলো বিস্তারিত পর্যালোচিত হয়েছে। অনিয়ম ও রাজস্ব ফাঁকি রোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু হয়েছে। এ কাজে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার কারণে আর্থিক ক্ষতির বিষয়টিও অডিটে উঠে এসেছে।

বৈঠকে প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবর-এর সঙ্গে চুক্তির অর্থ পরিশোধ ও লিজকৃত উড়োজাহাজের বিলের নথিপত্র উপস্থাপনে ব্যর্থতার বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষকে দ্রুত লিখিত প্রতিবেদন ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে। এছাড়া কোভিডকালীন ঢাকা-গুয়াংজু রুটে কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখানো ও সরকারি কোষাগারে অর্থ জমা না দেওয়ার অভিযোগের তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩.৫০ কোটি টাকা জড়িত থাকার বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।