রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ২৯ নভেম্বর ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার শ্যালক রেজাউল আলম শাহীন ও অপর এক শ্যালক। সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলামকে সরকার এরইমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান ও মামলা করেছে। এর আগে আদালত মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন, যেখানে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে।

