ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার থেকে শুরু হচ্ছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই অধিবেশন চলবে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার (৮ নভেম্বর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এই সময়সূচি চূড়ান্ত করা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ সংশ্লিষ্টরা অংশ নেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজনে অধিবেশনের কার্যদিবস ও সময় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
সংসদের এবারের অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল প্রস্তুত রয়েছে। এছাড়া আগের অধিবেশনের পরবর্তী সময়ে জারি করা তিনটি অধ্যাদেশ—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ—অধিবেশনের প্রথম দিন উপস্থাপন করা হবে।
সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, আসন্ন অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য ৯২টি নোটিশ এবং কার্যপ্রণালি বিধির ১৩১ ধারায় সিদ্ধান্ত-প্রস্তাবের জন্য ২৮১টি নোটিশ জমা পড়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপান মুক্ত এলাকা’ হিসেবে ঘোষণার প্রস্তাব দিলে উপস্থিত সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন। সংসদ ভবনের সাউন্ড সিস্টেম উন্নয়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া জানান, সোমবার বিকাল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এর উদ্বোধন করা হবে।
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, এটি বাস্তবায়িত হলে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দিয়ে সংসদ ভবনের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা যাবে। প্রধানমন্ত্রী এ সময় বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দিয়েছেন। এছাড়া বৈঠকে ই-পার্লামেন্ট কার্যক্রম ও জনবল নিয়োগের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

