পাবনা জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ১০ থেকে ১২ জনের একটি দল মুখ ঢেকে হাটের কার্যালয়ে প্রবেশ করে এবং এসেই গুলি চালাতে শুরু করে। যাওয়ার সময় দুর্বৃত্তরা বলে যায়, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’।
নিহত ব্যক্তিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের পাবনা সদর উপজেলার আহ্বায়ক আবদুস সালাম (৫৬) এবং তাঁর ভাগনে আতাইকুলা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৫০)। তাঁরা উভয়েই আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা। আবদুস সালাম দীর্ঘ ৩০ বছর ধরে পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং রিপন সব সময় তাঁর সঙ্গেই থাকতেন।
ঘটনার সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁরা হাটের কার্যালয়ে অবস্থান করছিলেন। দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে রক্তের দাগ দেখা গেছে। নিহত আবদুস সালামের বাড়িতে মরদেহ গোসল করানোর প্রস্তুতি চলছে এবং বিকেলে স্থানীয় কবরস্থানে জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়দের ধারণা, হাটের দখল নেওয়াকে কেন্দ্র করেই এই জোড়া খুনের ঘটনা ঘটতে পারে। নিহতের বড় ভাই আবুল কালাম আজাদ জানান, আবদুস সালাম নিয়মিত মসজিদ ও মাদ্রাসায় দান করতেন, যা অনেকেরই গাত্রদাহের কারণ ছিল। তবে কারা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার জানিয়েছেন, পুলিশ হাটের ইজারা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতা—এই দুটি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু করেছে। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, আবদুস সালামের ভাই আবুল কালাম অতীতে চরমপন্থী নেতা ছিলেন, তাই হাটের ইজারা বা চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।

