উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার শঙ্কা নেই: সিটিটিসি প্রধান

দেশে বর্তমানে উগ্রবাদী কর্মকাণ্ড মাথাচাড়া দেওয়ার মতো কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক। সোমবার (২৭ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিটিটিসি প্রধান জানান, উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধে অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য এবং নিজস্ব ডাটাবেজের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। কোনো তথ্য পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে সিটিটিসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ এবং মতিঝিলে ছাতার ভেতর বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মতিঝিলের ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং বোম ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি বর্তমানে মতিঝিল বিভাগ তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে এ ঘটনায় কারা জড়িত ছিল বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে উগ্রবাদ সংক্রান্ত গ্রেপ্তার ও মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে মোহাম্মদ শামসুল হক জানান, গ্রেপ্তারের সুনির্দিষ্ট পরিসংখ্যান পরে জানানো হবে। তবে আলোচিত পাতা কমব্যাট মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজনের নাম উঠে আসায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

সিটিটিসি প্রধান আরও বলেন, উগ্রবাদী কর্মকাণ্ডের ওপর তাদের নজরদারি অব্যাহত রয়েছে এবং দেশের সার্বিক পরিস্থিতিতে আশঙ্কাজনক কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ভবিষ্যতে সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আগের মতোই চলমান থাকবে।