জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রথম আবেদনে ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার আবেদনে ভ্যাটসহ ৩৪৫ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের জন্য ভ্যাটসহ ৪৬০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া এনআইডির তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদনে ১১৫ টাকা, দ্বিতীয়বার ২৩০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের জন্য ভ্যাটসহ ৩ ৪৫ টাকা ফি দিতে হবে।
হারানো কার্ড উত্তোলনের ক্ষেত্রে সাধারণ আবেদনের প্রথমবার ফি ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। জরুরিভাবে কার্ড উত্তোলনের ক্ষেত্রে প্রথমবার ৩০০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের জন্য ১০০০ টাকা ফি প্রযোজ্য হবে। এই ফিগুলোর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
এছাড়া অন্যান্য সেবার মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের ফি ৫০০০ টাকা, নির্বাচনী দলিল পরিদর্শন ও কপি সংগ্রহের ফি ১০০ টাকা, ভোটার তালিকার সার্টিফাইড কপির ফি ১০০ টাকা এবং ভোটার তালিকা দেখার ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে প্রতিটি ইউনিয়ন, সিটি বা পৌর ওয়ার্ডের জন্য ৫০০ টাকা দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই বা সরবরাহের ক্ষেত্রে সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের জন্য এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং বার্ষিক সাব-ইউজার বা নবায়ন ফি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি তথ্য যাচাইয়ে সরকারি প্রতিষ্ঠানকে ২ টাকা ফি দিতে হবে। অন্যদিকে, বেসরকারি সংস্থার ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং সাব-ইউজার সংখ্যা অনুযায়ী প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা ও পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা ফি ধার্য করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিটি তথ্য যাচাইয়ের ফি নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।

