সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এই বেতনস্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। গেজেট প্রকাশের তারিখ ১৯ সেপ্টেম্বর হলেও, ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বকেয়া বেতন সরকারি কর্মচারীরা প্রাপ্য হবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করে।
নতুন বেতনস্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনস্কেলে নির্ধারিত বেতন এবং ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্য বেতনের পার্থক্যের ৪০ শতাংশ ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের এবং ৫০ শতাংশ ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে।
পরবর্তী ধাপে ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের ক্ষেত্রে ওই পার্থক্যের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৭৫ শতাংশ দেওয়া হবে। এরপর ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্টসহ মূল বেতন শতভাগ প্রদান করা হবে।
গেজেটের নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের আগ পর্যন্ত সময়ের জন্য যে বকেয়া বেতন সমন্বয় করা হবে, তার সঙ্গে আগে পাওয়া বিশেষ সুবিধার অর্থ সমন্বয় করা হবে। এছাড়া জাতীয় বেতনস্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। তবে ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তারা ছুটি শেষ না হওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখের হারে বিশেষ সুবিধা পাবেন।
নতুন পে স্কেলের আওতায় পেনশনভোগীদের জন্যও ধাপে ধাপে বর্ধিত সুবিধা দেওয়ার বিধান রাখা হয়েছে। ২০ হাজার ১ টাকা ও তদূর্ধ্ব নিট পেনশনের ক্ষেত্রে নতুন স্কেল অনুযায়ী বৃদ্ধির ৪০ শতাংশ এবং ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির ৫০ শতাংশ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে। পরবর্তী ছয় মাসে এ হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে পূর্ণ হারে নিট পেনশন দেওয়া হবে। অবসরপ্রাপ্ত ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের নিট পেনশন বকেয়া হিসেবে পাবেন।

