৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যায় মিলল নতুন তথ্য

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম। দীর্ঘ ৪৫ বছর রহস্যে ঘেরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পুনঃতদন্তে নতুন তথ্যের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। সম্প্রতি দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল এভিডেন্স বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্রের সূত্র খোঁজা হচ্ছে। এছাড়া মেজর জেনারেল মঞ্জুরের মৃত্যু এবং হত্যাকাণ্ডে জড়িতদের ভূমিকা নিয়েও নতুন করে অনুসন্ধান চলছে।

গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় মোজাফফর উপস্থিত ছিলেন এবং ঘটনার পর নথিপত্র তল্লাশি ও লাশ সরানোর কাজে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

তদন্তের দায়িত্বে থাকা বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, জিয়াউর রহমানের মৃত্যু নিয়ে এখনো অনেক রহস্য রয়েছে এবং মোজাফফর এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তদন্তকারীরা মোজাফফরের সঙ্গে দেশি-বিদেশি ব্যক্তিদের যোগাযোগের সূত্র পেয়েছেন। তিনি কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন, কার পৃষ্ঠপোষকতায় ছিলেন এবং ব্যাংকিং লেনদেনের উৎস কী—সবকিছুই তদন্তের আওতায় আনা হয়েছে।

হত্যাকাণ্ডের পর মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে কেন এবং কার নির্দেশে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল, তাও তদন্ত করা হচ্ছে। এছাড়া প্রেসিডেন্টের পক্ষে থাকা একটি কথিত ‘সিক্রেট পেপার’ নিয়ে ষড়যন্ত্রকারীদের আগ্রহের কারণও খতিয়ে দেখা হচ্ছে। তৎকালীন সময়ে এই পেপারটি কেন এত গুরুত্বপূর্ণ ছিল, তা উন্মোচনের চেষ্টা চলছে।

প্রসিকিউটর আরও জানান, হত্যাকাণ্ডে লেফটেন্যান্ট মোসলেহ উদ্দিন, মেজর ফজলুল হক, ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদ, সৈয়দ মো. মুনির এবং ক্যাপ্টেন মো. ইলিয়াসের সম্পৃক্ততার বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।