জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। বদলি করা এসব কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রোববার (২০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব কর্মস্থলে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি করা কর্মকর্তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
বদলি আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ ১-এ এবং মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। এছাড়া মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২ থেকে ঢাকা কর অঞ্চল-০৪-এ, মোহাম্মদ মঈনুল হাসানকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-০১-এ এবং ইভানা আফরোজ সাঈদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
তালিকায় আরও রয়েছেন মুরাদ আহমেদ, মো. শহিদুল ইসলাম, মাসুদুল করিম ভূঁইয়া, হাছিনা আক্তার, রিগ্যান চন্দ্র দে, ফারজানা নাজনীন এবং সুলতানা হাবীব। পাশাপাশি কামরুল হাসান, শেখ মো. কামরুজ্জামান, আরিফুল হক, তানিয়া সুলতানা, মো. মারুফ উল আবেদীন, মো. তানভীর মোর্শেদ, তাছলিমা ইসলাম, মুহা. রাশেদুল হাসান, মো. সাইফুর রহমান রাসেল, মুসতবা ইশতিয়াক আহমদ, দীপক কুমার পাল, তরঙ্গ কুমার মন্ডল, ফারহানা শেখ, অমিত কুমার দাস, মো. ফারজানুল ইসলাম, সোনালী বিশ্বাস, প্রণব সরকার, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ দাউদ হোসেন, মো. এনামুল কবির, বাপন চন্দ্র দাস, মহিদুল ইসলাম, মো. শফিউল ইসলাম এবং এস এম গালিব ফারুককে বিভিন্ন কর অঞ্চল ও পরিদপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

