সেন্ট মার্টিনস সাগরে বিকল বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ পাচারকারী

বঙ্গোপসাগরে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি কাঠের বোট থেকে শিশু, নারী ও পুরুষসহ মোট ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন মানবপাচারকারী চক্রের সদস্য রয়েছে, যাদের ইতিমধ্যে আটক করা হয়েছে। এছাড়া প্রতারণা ও অপহরণের শিকার হওয়া বাকি ৬৫ জনকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, গত ৩০ সেপ্টেম্বর রাতে সেন্ট মার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে গভীর সমুদ্রে নিয়মিত টহল দেওয়ার সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ এই উদ্ধার অভিযান পরিচালনা করে।

আইএসপিআর জানায়, সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত ‘এফভি ক্রিস্টাল-১’ নামের একটি জাহাজ প্রথমে ওই কাঠের বোটটিকে বিকল অবস্থায় ভাসতে দেখে। বোটে থাকা ব্যক্তিদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি নৌবাহিনীকে অবহিত করে। খবর পাওয়ার পর টহলরত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে, বোটটির ইঞ্জিন ও পানি নিষ্কাশন পাম্প পুরোপুরি বিকল হয়ে গেছে এবং ভেতরে দ্রুত পানি প্রবেশ করছে। এ সময় নৌবাহিনীর সদস্যরা দ্রুত বোটে জমে থাকা পানি সেচে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে চরম ঝুঁকি ও বড় ধরনের প্রাণহানির হাত থেকে আরোহী ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর তাঁদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ৬৫ জন ভুক্তভোগী জানিয়েছেন, তাঁদের অধিকাংশকেই মানবপাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় বন্দি করে রেখেছিল। পরবর্তী সময়ে তাঁদের জোরপূর্বক ও অবৈধ উপায়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে এই বোটে তুলে দেওয়া হয়।

অভিযানে উদ্ধার হওয়া ভুক্তভোগী ও আটক হওয়া ১১ পাচারকারীসহ জব্দ করা বোটটি পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।